বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা মুম্বাইয়ে অবস্থানকালে আমির খান, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারসহ একাধিক বলিউড তারকার বাড়িতে নজরদারি চালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ সূত্র। তদন্তে উঠে এসেছে, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন সালমান খান। তবে তার বাসভবনের কঠোর নিরাপত্তা দেখে পরিকল্পনা পরিবর্তন করে তারা।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বন্দুকধারীরা পুলিশকে বলেছেন, প্রথমে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নজরদারি চালানো হয়েছিল। কিন্তু সেখানে নিরাপত্তাব্যবস্থা কঠোর হওয়ায় হামলার পরিকল্পনা থেকে সরে আসেন তারা।
পরে আমির খান, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের বাড়ির আশপাশেও নজরদারি চালানো হয়। তবে এসব তারকার কাছে পৌঁছানো কঠিন হওয়ায় শেষ পর্যন্ত টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয় বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি।
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে গাড়িতে করে ফেরার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালান দুই ব্যক্তি। তখন গাড়ির জানালা দিয়ে ভক্তদের দিকে হাত নাড়ছিলেন অভিনেতা। হামলার পর বন্দুকধারীরা মোটরসাইকেলে পালিয়ে যান। এ ঘটনায় টাইগার শ্রফ বড় ধরনের আঘাত না পেলেও তার গাড়িচালক ও এক পথচারী আহত হন।
মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, গাড়ি লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। এ ঘটনায় রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানা থেকে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।